সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) সাবেক দুই সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ও চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির এক নেতা শাহজাদপুর আমলি আদালতে মামলার আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন।
আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম জানান, ঘটনা দুবছর আগের। গতকাল আদালত মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার আসামিদের মধ্যে মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও তার ছোট ভাই চয়ন ইসলাম শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অন্য তিন আসামি হলেন মেরিনা জাহানের ছেলে সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপু এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।
আর বাদী শাহাদৎ হোসেন শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলার হাবিবুল্লাহ নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। শাহাদৎ হোসেন জানান, ২০২২ সালের ২৫ জুন উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে অন্যের জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু ১ কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন তিনি।
তিনি বলেন, ২৬ জুন আসামিরা বালু বিক্রিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়।
