মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আন্দোলনে আহতদের একটা ক্ষোভ রয়েছে। নিশ্চই কোনো ভুল-ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে। আমি এটাকে একেবারেই বলব না যে হয়নি। হয়তো চারদিক দেখতে গিয়ে কোনো ভুল-ত্রুটি হয়ে যেতে পারে।’
গতকাল বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘তাদের মধ্যেই একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তা নেমে এসেছে। হাত-পা ব্যান্ডেজ অবস্থায় তারা রাস্তায় ছিল, তা দেখে আমরা থাকতে পারেনি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাতে সেখানে গিয়েছিলাম।’
আন্দোলনরতদের দাবি নিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের দাবি হলো তারা যে শুধু চিকিৎসা চাচ্ছে, তা না। তাদের মধ্যে অনেকেই আছে যারা পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। অনেকেই ঋণ নিয়েছিল এখন তারা ঋণের কিস্তি দিতে পারছে না। ফলে তারা তাদের পুর্নবাসন করার ব্যবস্থা চাচ্ছে। এটা খুবই যৌক্তিক একটা দাবি। এটা নিয়ে একটি অবশ্যই একটি সমাধানে আসতে পারব। তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি।’
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। এ ছাড়া আয়োজিত অনুষ্ঠানে বিএলআরআইর ১৪৪ জন বিজ্ঞানীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
