২০২৩-২৪ সেশনের ১৫০০ নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগ্রন্থ সিরাত উপহার দিয়ে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশন।
আজ রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এমন অভিনব নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় দেড় হাজার শিক্ষার্থীদের কুরআন শরীফ, সিরাতগ্রন্থ দোয়ার বই, প্রসপেক্টাস ও বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ (অব.) কর্নেল মো. জাকারিয়া হোসেন, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মোখতার আহমেদ।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহা রফিকুল ইসলাম, কবি, লেখক ও চিন্তক মুসা আল হাফিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপুসহ দাওয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
