পুলিশের গাড়ির ধাক্কায় লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এলো ছাগল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম

জামালপুরে মেলান্দহে চুরি করে পালানোর পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এলো ছাগল। এসময় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আটক আলমগীর হোসেন জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ এলাকার আমান উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি গাড়ি উপজেলা নয়ানগর ইউনিয়নের মালঞ্চ নতুন বাজার এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে টহল দিচ্ছিল। এসময় গোয়েন্দা পুলিশের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। তখন আলমগীর নামে ওই যুবকের পরনে থাকা লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করলে ছাগলটি চুরি করে পালাচ্ছিল বলে জানায়। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত