মিরপুরে বিপুল আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

রাজধানীর মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা-পুলিশ। তার নাম মো. বিল্লাল হোসাইন (৩৯)। গত শনিবার বিল্লালকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ২৩ কার্টন আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক অর্থমূল্য ৪০ হাজার টাকা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন ব্যক্তি মিরপুর থানার জনতা হাউজিং গেটের সামনে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত প্রায় ১২টার দিকে বিল্লাল হোসাইনকে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার বিল্লাল ও পলাতক আসামি মো. মনিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।’

গ্রেপ্তার বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘বিল্লাল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তিনি মামলার অন্য পলাতক আসামি মো. মনিরের সঙ্গে যোগসাজশে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট দেশে এনে মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত