ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে হাফিজকে অব্যাহতি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

সাইবার আইনে বিচারাধীন একটি মামলা থেকে খালাস পেয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। গতকাল সোমবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ‘ফরেনসিক প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায়, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মামলার চার্জ গঠনের দিনে দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদসহ সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলা করেন লালমোহন উপজেলার বদরপুর ইউপির চেয়ারম্যান ও বদরপুর (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসভবনে অবস্থান করে মোবাইল ফোনে বলা কথার একটি রেকর্ড ফাঁস হয়। এ ঘটনায় পরস্পর যোগসাজশে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশে

ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট ও ডিজিটাল বিন্যাসে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নামধারী সাতজনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে ওই মামলা করেন। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) বশির আলম ২০১৯ সালের ৩১ আগস্ট দুজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

এদিকে মামলায় খালাস পেয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকারের নির্বাচন-সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে, তা দ্রুত করে যুক্তিসংগত সময়ে নির্বাচন দেবে বলে আশা করি।

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলা করেন। এ মামলায় মেজর হাফিজ ছাড়াও আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা বাবুল বিশ্বাসকে। বাবুলকেও আদালত খালাস দিয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। গত আগস্টে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ মেজর হাফিজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত