এএসপি-এসআই ক্যাডেটদের ফের কুচকাওয়াজ স্থগিত

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:০৮ এএম

ফের স্থগিত করা হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি, শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। আগামী ২৪ নভেম্বর এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। একই সঙ্গে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।

গত সোমবার পুলিশ সদর দপ্তরের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে, সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর কিছু জানায়নি। তবে গতকাল পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন, এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিগগিরই এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে এ বছরের ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এজন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। এবারও তা স্থগিত করা হলো।

গত সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মহিউল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন, ৪০তম ব্যাচের ৬৩ জনসহ ৬৬ জন শিক্ষানবিস এএসপি এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। ২৪ নভেম্বর অনুষ্ঠেয় সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ এবং সবশেষ গত সোমবার তিনজন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাশতা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়; যদিও এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন চাকরিচ্যুত ব্যক্তিরা।

এই ব্যাচের যাদের চাকরি এখনো আছে, তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ২৬ নভেম্বর। তবে সোমবার তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিতের আদেশ হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক শেহেলা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত