জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩তম ব্যাচ) ছাত্রী ছিলেন। মাত্র মাসখানেক আগেই ক্যাম্পাসজীবন শুরু হয়েছিল তার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাচি বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
এদিকে ছাত্রী নিহতের খবর পেয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাতেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
নিহতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা রিচিকে ধাক্কা দেয়। এতে তিনি গাছের ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে এক মাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে, তার এ স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।’
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাত ৯টার দিকে বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানসহ প্রশাসনিক বডির অন্যরা সেখানে উপস্থিত হন। উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
