বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে র্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজার এলাকায় রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, র্যাব-পুলিশের আতঙ্কে আপনারা ঘর ছাড়া হয়েছিলেন। র্যাব-পুলিশ গুম-খুন, হত্যা, হামলা-মামলার সমার্থক শব্দ হিসেবে পরিণত হয়েছিল। সেই অবস্থা থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য স্বৈরাচার বিরোধী লাগাতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান।
তিনি আরও বলেন, গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা বিভিন্ন সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাই একটি কথা না বললেই নয়, বিগত সময়ে আপনারা হয়তোবা ৫০ জন লোক নিয়ে মিছিল করতেন। আর এখন ৫শ’ জন লোকেরও অভাব হয় না। খেয়াল রাখতে হবে এই ৫শ’জনের মিছিলের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দালাল, চিহ্নিত চাঁদাবাজ, প্রতারক কিংবা লুটপাটকারী যাতে প্রবেশ করতে না পারে। এই ৫শ’ জনের ভিড়ে ওই ৫০ জন ত্যাগী নেতাকর্মী যেন হারিয়ে না যায়। এই অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া হবে না।
বক্তব্যের আগে তিনি ঈশ্বরগঞ্জ পৌর বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
সংক্ষিপ্ত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের অন্যান্য নেতাকর্মী সহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, মালামাল উদ্ধার
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই অতিরিক্ত সচিব ওএসডি