এ বছর ডেঙ্গুতে মৃত্যুর ৬৩% ও রোগীর ৪১% ঢাকায়

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

এ বছর দেশে এখন পর্যন্ত যত ডেঙ্গু রোগী পাওয়া গেছে, তার ৪১ শতাংশই ঢাকার এবং মোট মৃত্যুর ৬৩ শতাংশই এই এলাকার। গতকাল বুধবার পর্যন্ত রাজধানীসহ ঢাকা জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৮০ ও মারা গেছে ২৬৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ৮৩ হাজার ১৫৪ জন ও মৃত্যু ৪২৭ জনের।

ঢাকার মোট রোগীর ৯৬ শতাংশই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ও বাকি ৪ শতাংশ রাজধানীর বাইরে জেলার অন্যান্য স্থানে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ ও দক্ষিণ সিটিতে ১৪ হাজার ৯১২ জন। বাকি ১ হাজার ২৪০ জন ঢাকার অন্যান্য স্থানের।

এখন পর্যন্ত ঢাকায় মারা গেছে ২৬৯ জন। তারা সবাই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। তাদের মধ্যে তিন নারী ও দুজন পুরুষ। মৃতদের মধ্যে ৬-১০ বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দুজন মারা গেছে খুলনা বিভাগে। বাকি তিনজনের মধ্যে বরিশাল বিভাগ, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে একজন করে মারা গেছে।

এ নিয়ে এ মাসের গত ২০ দিনে ১১২ জন মারা গেল। চলতি বছর মাসের হিসাবে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত মৃত্যুর শীর্ষে আছে গত মাস। সে মাসে মারা গেছে ১৩৫ জন। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে ৮৭ জনের। এরপর আগস্টে ৩০, জানুয়ারিতে ১৬, মে’তে ১২, জুনে আট, মার্চে ছয়, ফেব্রুয়ারিতে পাঁচ ও এপ্রিলে দুজনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত