জাতীয় লিগের সবশেষ দুই আসরে তীরে এসে তরী ডুবেছে সিলেটের। আসরের লম্বা সময় জুড়ে শিরোপার দৌড়ে তারাই থাকত এগিয়ে কিন্তু শেষ দুই রাউন্ডে গিয়ে তালগোল পাকিয়ে গিয়ে হাতছাড়া হয়ে যেত চ্যাম্পিয়নশিপ। গত আসরে শেষ ম্যাচটা ২০১ রানের বড় ব্যবধানে জিতলেও তার আগের ম্যাচের ভুলে শিরোপার দৌড় থেকে ছিটকে যায় তারা। লিগের এই আসরের পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে সিলেট। আবারও তারা দেখছে শিরোপার হাতছানি, যদিও তাড়া করছে অতীতও তবে এবার আর আগের ভুল করতে চান না সিলেটের ক্রিকেটাররা। ৫ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিলেট। দ্বিতীয় স্থানে থাকা রংপুরের পয়েন্ট ২১। তিনে থাকা ঢাকা মেট্রোপলিটনের পয়েন্ট ১৯। তবে আরও দুই রাউন্ড বাকি থাকায় সুযোগ রয়েছে যেমন অন্য দলগুলোর। তেমনি ঝুঁকি রয়েছে সিলেটের। জিতলে ৮ পয়েন্ট, ড্র হলে মাত্র ২। তাই পয়েন্ট হাতছাড়া করা মানেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া।
সিলেটের ভাবনাতেও আছে সেটাই। তারা ম্যাচ ধরে এগোলেও শিরোপা জয়ের ভাবনা তাদের মাথায় আছে। আজ বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে সিলেট মুখোমুখি হবে বরিশালের। দলটি এবারের আসরে এখনো কোনো জয়ের দেখা পায়নি। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকায় সবার শেষে। তবে দুর্বল বলেই আত্মবিশ্বাসে গা ভাসাতে চায় না সিলেট। কারণ পচা শামুকেও যে পা কাটে।
এই মুহূর্তে পয়েন্ট হারালে যেকোনো কিছু ঘটে যেতে পারে জানিয়ে সিলেটের টিম ম্যানেজার আলি ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি দেশ রূপান্তরকে বলেন, ‘পয়েন্ট তালিকায় আমাদের ধারেকাছে কেউ নেই ঠিকই। তবে এখনো দুই রাউন্ড বাকি থাকায় ঝুঁকি আছে। এখানে পয়েন্ট হারালেই বিপদ হবে। তবে পুরো আসরে আমরা কোনো চাপ নিইনি। এখনো নিচ্ছি না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তবে অবশ্যই আমরা ৮ পয়েন্টের লক্ষ্য নিয়ে খেলতে নামব।’
এবারের আসরে বরিশাল দল হিসেবে কিছু করতে না পারলেও দলটির ব্যাটসম্যান ইফতিখার হোসাইন ইফতি দ্যুতি ছড়াচ্ছেন। তার ব্যাট ৯ ইনিংসে ১ সেঞ্চুরি আর ৩ ফিফটিতে তিনি করেছেন ৪৯৩ রান। গড় প্রায় ৫৫। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয়তে। বগুড়ায় আজ সকালে তার বরিশাল যেমন লড়াইয়ে নামবে সিলেটের বিপক্ষে। তিনিও নামবেন অমিত হাসানের বিরুদ্ধে। সিলেটের অধিনায়ক অমিত আছেন নিজের দলের মতোই তালিকার শীর্ষে। ইফতির ঠিক ওপরেই। দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তার রান ৫৬৭। যার মধ্যে আছে ২১৩ রানের অনবদ্য এক ইনিংস। ৮১ গড়টাও চোখ ধাঁধানো। দুজনের সামনেই সুযোগ সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার।
