ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলার রায় স্থগিত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসংক্রান্ত মামলার রায় স্থগিত ঘোষণা করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত। স্থানীয় সময় গত শুক্রবার এ ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।

কয়েক মাস আগে এ মামলায় দোষীসাব্যস্ত হন ট্রাম্প। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার তারিখ ছিল। তার আগেই এ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা।

এদিকে শুক্রবার বাদীপক্ষ স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী এবং ম্যানহাটান জেলার অ্যাটর্নি আলভিন ব্র্যাগ বিচারপতি মার্চানকে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আদালতের রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া নিয়ে তিনি বা তার মক্কেলের আপত্তি নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত