দেশের বাজারে সোনার দাম দুই দিনের ব্যবধানে আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল শনিবার রাতে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। এতে করে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় পৌঁছেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আজ রবিবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সেজন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়ই বিক্রি হবে।
জুয়েলার্স সমিতি সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়েছিল। এর আগে গত মাসে সোনার দাম বেড়ে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। বর্তমান দামের আগে সেটিই ছিল দেশে সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের তথ্য অনুযায়ী, আজ থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৫ হাজার ৬৪৫ টাকা।
গতকাল পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।
আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩০৯ এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে।
দায় সবার নিতে চায় না কেউই
যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কী যন্ত্রণা: পরীমণি