দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে: ফারুক

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। তারা তাদের ভোট দিতে পারবে। তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন।

আজ রবিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি জানায়। তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে। দুই হাজারের ওপরে ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এ সরকারের বিরুদ্ধে এখনই কথা বলার সময় নয়।

তিনি বলেন, তিন মাস অতিবাহিত হলো। এখনো কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেননি। এখনো কেন তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? জনগণের মনে এ প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা আমাদের নেতা তারেক রহমানসহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করুন।

নবীন দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, নবীন দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত