বাড়ি ফিরতে চেয়েছিলেন নাঈম, ফিরলেন লাশ হয়ে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ এএম

বনভোজনে রওনা হওয়ার আগে মাকে বলেছিলেন দ্রুতই বাড়ি ফিরবেন। ফিরেছেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। ঘটনাটি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈমের। গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে নিহত হন আইইউটির তিন শিক্ষার্থী। তাদেরই একজন ফেনী শহরের মাস্টারপাড়ার নাঈম।

পরে ওইদিনই রাত আড়াইটার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তখন থেকে তাকে এক পলক দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা। গতকাল রবিবার সকালে জানাজা শেষে দাফন করা হয় নাঈমকে। নিহত অন্য দুই শিক্ষার্থীর মরদেহও নিজ নিজ এলাকায় নিয়ে দাফন করা হয়েছে।

আইইউটির নিহত শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম ফেনীর ফতেহপুর গোলাম নবী ভূঁইয়া বাড়ির সন্তান। গতকাল সকালে ফতেহপুর গ্রামের ঈদগাহে নাঈমের জানাজায় ছিল শোকার্ত মানুষের ঢল।

সাকিবের মৃত্যুতে শোকাহত মুরারিপুর : বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া আইইউটির শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে। গতকাল সকালে পবা উপজেলার মুরারিপুর গ্রামে তার লাশ দাফন করা হয়। সাকিবের এমন মৃত্যুতে শোকাহত পুরো গ্রামের মানুষ।

মাহিনের জানাজায় মানুষের ঢল : বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির নিহত আরেক শিক্ষার্থী মুবতাসিম রহমান মাহিনকে (২২) দাফন করা হয়েছে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে। তার আগে গতকাল বাদ জোহর নগরীর জুম্মাপাড়া নুরুল উলুম করিমিয়া মাদ্রাসায় জানাজা হয়। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এলাকাবাসীসহ মানুষের ঢল নামে। নিহত মাহিনের বাড়ি জুম্মাপাড়ায়। পল্লীবিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত : তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লীবিদ্যুতের সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেম। ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২--এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আইইউটিতে অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহ স্থগিত : তিন শিক্ষার্থীর মৃত্যুতে আইইউটি কর্র্তৃপক্ষ আজ সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে। এ ছাড়া এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত