নিজেকে বারবার হারাচ্ছেন মাবিয়া!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৯ এএম

প্রায় এক দশক ধরে দেশের ভারোত্তোলনের সবচেয়ে বড় বিজ্ঞাপন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ সালে এসএ গেমসে সোনা জিতে আলোচনায় চলে আসা এই ভালোত্তোলক যত দিন যাচ্ছে, নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। বলতে গেলে বারবার নিজেকেই হারাচ্ছেন তিনি। এই যেমন রবিবার বাংলাদেশ আনসারের হয়ে আন্তঃসার্ভিস ভারোত্তোলন আসরে নিজের আগের রেকর্ডকে পেছনে ফেলে সেরা হয়েছেন তিনি।

২০১৬ সালের ধারাবাহিকতা ধরে রেখে ২০১৯ এসএ গেমসেও সোনা জিতেছিলেন মাবিয়া। তবে এই আট বছরে বারবারই ওজন শ্রেণিতে এনেছেন পরিবর্তন। এবার ৭১ কেজিতে সেরা হয়েছেন নতুন রেকর্ড গড়ে। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কÑ দুই বিভাগেই তিন কেজি করে বেশি তুলেছেন। স্ন্যাচে ৮৫ ও ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি ওজন তোলেন তিনি। এতে ছাড়িয়ে গেছেন নিজেরই আগের রেকর্ডকে। বারবার নিজেকে হারানোর প্রতিক্রিয়ায় মাবিয়া বলেন, ‘আসলে এখন লড়াইটা নিজের সঙ্গে নিজেরই। প্রতি টুর্নামেন্টে চেষ্টা থাকে বিগত ওজন ছাড়িয়ে যাওয়ার।’ ৭১ কেজি ওজন শ্রেণিতেই আগামী মাসে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাহরাইন যাবেন মাবিয়া। সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ আনসারেরই আরেক ভারোত্তোলক বাকী বিল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত