ময়মনসিংহের ধোবাউড়ায় সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলী আজিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় খেলার মাঠে ‘‘কীর্তিমান কিশোর ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি’’ এর ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নারী ফুটবলার তৈরির কারিগর কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী শীল ও সাবেক শিক্ষক ও কোচ মফিজ উদ্দিন ও বর্তমান কলসিন্দুর ফুটবল টিমের কোচ জুয়েল মিয়াকেও সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দা বলেন, নিজ এলাকার মানুষের ভালোবাসায় আমরা আনন্দিত ও গর্বিত। যারা এমন সংবর্ধনা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি নারী ফুটবলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠা ফুটবল কন্যাদের এমন অর্জনে ধোবাউড়া উপজেলার পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ আজ গর্বিত। আমরা তাদের এমন সাফল্যে সংবর্ধনা দিতে পেরে গর্ববোধ করছি। আশা করছি ফুটবলে নারীরা তাদের এমন সফলতা অব্যাহত রাখবে।
সেন্টমার্টিনগামী জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে
ভাতিজাকে ৯ টুকরো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩ 