সনাতনী জাগরণ জোট নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:১১ এএম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সনাতনী জাগরণ মঞ্চ ডিবির কার্যালয়ে জড়ো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিন্টু রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলার এজাহারনামীয় আসামি। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গ্রেপ্তারের খবর পেয়ে ডিবি কার্যালয়ে সামনে জড়ো হন সনাতনী জাগরণ মঞ্চের নেতারা। সরেজমিন দেখা যায়, সনাতনী জাগরণ মঞ্চের ৩০ থেকে ৪০ জন ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন। এখান থেকে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চিন্ময় কৃষ্ণ দাস আটকের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের আটকের ব্যাপারে ডিএমপি আপনাদের জানাবে। আমরা জেনেছি তার নামে কোতোয়ালি থানায় মামলা আছে।’

ডিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এই চিন্ময় কৃষ্ণ দাস। তার নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মো. ফিরোজ খান নামে একজন বহিষ্কৃৃত বিএনপি নেতা বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার সাংবাদিকদের বলেন, আজ (গতকাল) দুপুরের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। তার ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। মামলার অন্য আসামিরা হলেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী, গোপাল দাশ টিপু, ডা. কথক দাশ, প্রকৌশলী অমিত ধর, রনি দাশ, রাজীব দাশ, কৃষ্ণ কুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী রাজীব, মিথুন দে, রুপন ধর, রিমন দত্ত, সুকান্ত দাশ, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী হৃদয় দাস। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা : এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন, এ গ্রেপ্তারের ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান। আরও বলা হয়, নেতারা অভিমত প্রকাশ করেন, গ্রেপ্তারের ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুণœ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অনতিবিলম্বে প্রভু চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে জাতীয় স্বার্থে আশু মুক্তির দাবি জানিয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ : সনাতনীদের সংগঠন ‘ইসকন’-এর সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এদিকে চেরাগী মোড় এলাকায় বিক্ষোভকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত