সংঘর্ষ, হতাহত এবং হাজার হাজার গ্রেপ্তারের পর পাকিস্তানের ইসলামাবাদে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
আজ বুধবার (২৭ নভেম্বর) ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে খুব শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে তারা। খবর জিও নিউজ।
বুধবার এক বিজ্ঞপ্তিতে পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল জানায়, ‘সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি।’
দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে খুব দ্রুত পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে চলতি মাসের শুরুতে বিক্ষোভের ডাক দেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেন। এরই প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ যাত্রা ও কর্মসূচি শুরু করে পিটিআই।
বিক্ষোভ ঠেকাতে গত দুই দিন ধরে ইমরান সমর্থকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য।
গত দুই দিনের বিক্ষোভে পিটিআইয়ের ৭ জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরান খানের দল।
গতকাল রাজধানী ইসলামাবাদের ডি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরানের দল পিটিআই। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি এবং ‘দেখামাত্র গুলি করার নির্দেশ’ দেওয়া হয়েছিল। সকল বাধা উপেক্ষা করে ইমরান সমর্থকেরা ডি চকে পৌঁছালেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে বেশিক্ষণ তারা টিকতে পারেনি।
২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে।
লেবাননে যুদ্ধবিরতি শুরু
ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণায় বাণিজ্যযুদ্ধের হুঁশিয়ারি চীনের 