রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে আটকের ঘটনাকে কোনোভাবে ধর্মীয় বিভেদ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণের গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা এটাই দেখানোর চেষ্টা করছে, হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে নিরাপদ নয়। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন অপতথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেশে বিদেশে এটাই প্রচার করতে চায় যে, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হাসান আলী বলেন, কিছুদিন আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে এক সমাবেশের আয়োজন করে। সেখানে বক্তৃতা রাখেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। সমাবেশের পরপরই তার বিরূদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই মামলায় তাকে ডিবি পুলিশ আটক করে।
তিনি বলেন, চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটক করা হয়েছে। এই ঘটনা কোনোভাবে ধর্মীয় বিভেদ হিসেবে দেখার সুযোগ নাই। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটাই প্রচারের চেষ্টা করছে। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সনাতনী ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেন। আমাদের খুবই সজাগ থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
চট্টগ্রাম অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়ে মোহাম্মদ হাসান আলী বলেন, গতকাল দুপুরে চট্টগ্রাম আদালতে শুনানির পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠাতে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় আন্দোলনকারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর শিগগির তদন্ত করে অপরাধীদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমা, ইমন সৈয়দ, এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, আকরামুল হোসাইন বাপ্পী, মুনতাসির মাহমুদ, মুশফিক হাসান জামি, সাইদুর রহমান, মোসলেহ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
অপরাধীর পরিচয় অপরাধীই, দল-গোষ্ঠী নয়: হাসান আরিফ