উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:১৬ এএম

আঞ্চলিক বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের জোর দাবি জানিয়েছেন ঢাকার বৃহত্তর রাজশাহী সমিতির নেতারা। গতকাল বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, উত্তরবঙ্গের ১৬টি জেলা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে অনেকটা পিছিয়ে। বর্তমান উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের ১৬টি জেলার চার কোটি মানুষের কোনো প্রতিনিধি না থাকায় স্পষ্টত আঞ্চলিক বৈষম্যের সৃষ্টি হয়েছে। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রতীক আবু সাঈদের বাড়ি উত্তরবঙ্গে হওয়া সত্ত্বেও এ অঞ্চল থেকে কোনো প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিবৃতিতে তারা উত্তরবঙ্গ থেকে প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির জন্য প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত