সিলেটের জাফলংয়ে স্বামীর সঙ্গে বেড়াতে এসে পরিকল্পিতভাবে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী, তার পরকীয়া প্রেমিক ও আরেক সহযোগীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় প্রদান করেন।
আদালতের অতিরিক্ত পিপি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলি ছেত্রাগুরুই গ্রামের খুশনাহার বেগম (২২), ঢাকার মাহমুদুল হাসান মাহিন (২২) ও নারায়নগঞ্জের রূপগঞ্জের গাজিরটেক গ্রামের নাদিম আহমদ (১৯)।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রিভারভিউ হোটেল সংলগ্ন ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের লাশ পাওয়া যায়। ঘটনার পর হোটেল থেকে তার স্ত্রী খুশনাহার পালিয়ে যান।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আল ইমরানের স্ত্রী খুশনাহারের সঙ্গে মাহমুদুল হাসানের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে সিলেটের জাফলংয়ে সস্ত্রীক বেড়াতে আসা আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্ত্রী, তার পরকীয়া প্রেমিক ও সহযোগীরা। নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির আবদুল জব্বারের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় খুশনাহার, তার পরকীয়া প্রেমিক মাহমুদুল হাসান ও সহযোগী নাদিমকে পুলিশ গ্রেপ্তার করে।
আদালতের অতিরিক্ত পিপি জালাল উদ্দিন জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িত আরেক আসামি নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আপনাদের দায়িত্ব অনেক: ওসিদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার
ময়মনসিংহ সিটির চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা
আ. লীগ নেতার হুমকিতে বাড়ি ছাড়া ব্যবসায়ী পরিবার