ডিজিটাল অন্তর্ভুক্তিতে রূপান্তরের যে সক্ষমতা রয়েছে, তা তুলে ধরতে আজ রাজধানীর জিপি হাউজে একটি লার্নিং অ্যান্ড শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও টেলিনরের অংশীদারিত্বে গ্রামীণফোন আয়োজিত এ অনুষ্ঠানে মূলত ‘সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ (এসডিএসজিওয়াই)’ প্রকল্পটি কীভাবে একটি নিরাপদ এবং আরও ক্ষমতায়িত ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে তা নিয়ে আলোকপাত করা হয়।
ডিজিটাল অন্তর্ভুক্তির এ উদ্যোগটি আটটি প্রান্তিক সম্প্রদায়ের ২৯ লাখ মানুষের ক্ষমতায়নে রূপান্তরকারী ভূমিকা পালন করেছে, যেখানে নারীদের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ প্রকল্পটির মাধ্যমে অংশগ্রহণকারীদের ডিজিটাল দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ এবং অনলাইন নিরাপত্তা সচেতনতা বাড়ানোয় গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। গ্রামীণফোনের প্রজেক্ট লিড আনজুম রাসনা হাসান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট লিড খুরশিদ আরা প্রকল্পটির অগ্রগতি ও প্রভাব তুলে ধরে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দুটি আলাদা সেশনের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোখলেছুর রহমান। বিজ্ঞপ্তি
