এক কাপ কফির মূল্য ৪১ হাজার টাকা, পাবেন খামারের মালিকানাও

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

ঘুম তাড়াতে বা ক্লান্ত শরীরকে এক নিমেষে চাঙা করতে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় পানীয় কফি। প্রতিদিনের কাজ শুরু করার আগে, দুপুরের লাঞ্চের পর অথবা অলস বিকেলে অনেকটা অভ্যাসবশতই কফি পান করার রীতি অনেকের মধ্যেই রয়েছে। তবে কফির ধরন যেমন আলাদা, তেমনই দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

আপনি যদি স্কটল্যান্ডে একটি দুগ্ধ খামারে বিক্রি করা দুধ-চিনি মেশানো একটি সাধারণ মানের কফি খেতে যাবেন, তখন বেশ চমকে উঠবেন আপনি। কেননা দাম দিতে গিয়ে পকেট হবে ফাঁকা। এক টাকা, দুই টাকা নয়; একেবারে ৪১ হাজার টাকার বেশি (৩৪৪ মার্কিন ডলার) খরচ হবে এই কাপ কফিতে চুমুক দিতে। তবে জেনে খুশি হবেন কফির সঙ্গে খামারের একটি শেয়ারের মালিক হতে চলেছেন আপনি।

এপির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের মসগিল অর্গানিক ডেইরি এই কফি বিক্রি করছে। এই স্কটিশ দুগ্ধ খামারে বিক্রি করা দুধ-চিনি মেশানো ছোট্ট এক কাপ কফির দাম রাখা হচ্ছে ৩৪৪ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪১ হাজার ১২৬ টাকা। এখানেই শেষ নয় কিন্তু এই এক কাপ কফির সঙ্গে আপনি ওই স্কটিশ দুগ্ধ খামারের একটি শেয়ারের মালিকানাও পাবেন। 

তহবিল সংগ্রহ করতে মোসগিল অর্গানিক ডেইরি এই উদ্যোগ নিয়েছে। খামারের মালিক ব্রাইস কানিংহাম নিজেও তার খামারের কফির উচ্চ মূল্যের কফির কথাটি স্বীকার করেছেন।

এই নিয়ে ব্রাইস জানিয়েছেন, ব্রিটেনে একটি সাধারণ সাদা কফির তুলনায় এই কফির দাম প্রায় ৮০ গুণ বেশি। কিন্তু এটা শুধু দারুণ কফি পান নয়, এর সঙ্গে পাবে মালিকানাও। দুগ্ধ খামারের ভবিষ্যৎ রক্ষায় তার এই উদ্যোগ বলেও জানান ব্রাইস।

কানিংহামের লক্ষ্য হলো খামার পরিচালনার জন্য তিন লাখ পাউন্ড সংগ্রহ করা। ইতিমধ্যে ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে এক-তৃতীয়াংশ অর্থ সংগ্রহ করা হয়েছে। খামারের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি ৯ লাখ পাউন্ড ঋণ পাওয়ার চেষ্টাও করছেন।

কফির উচ্চ মূল্যের বিষয়টি নতুন কিছু নয়। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, লন্ডনের ‘শট লন্ডন’ কফি বারে একটি সাদা কফির দাম ২৬৫ পাউন্ড (প্রায় ৪০ হাজার টাকা)। এই কফি তৈরি হয় জাপানের ওকিনাওয়া থেকে আনা বিরল কফি বীজ দিয়ে।

বিশ্বের বিভিন্ন দেশে কফির স্বাদ, ধরন এবং দামের পার্থক্য থাকলেও, স্কটল্যান্ডের এই বিশেষ উদ্যোগ দুধ খামারের সাথে কফির সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত