আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘সাইফুল ইসলামের হত্যাকারী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাইফুল ইসলামের পরিবারের দায়িত্ব সরকার নেবে। তার পরিবারের ভরণপোষণের জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবীর কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত