বিইআরসির সদস্য পদ থেকে গিয়াস উদ্দীনের পদত্যাগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়ে যোগদানের এক দিনের মাথায় পদত্যাগ করেছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের সাবেক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জোয়ার্দার। তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্টজন বলেও পরিচিত।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গত ২৬ নভেম্বর সরকার বিইআরসির যে তিন সদস্যকে নিয়োগ দেয় তাদের একজন গিয়াস উদ্দিন জোয়ার্দার। পরদিন সচিবালয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সদস্য পদে যোগদান করেন তিনি। গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে গেলে তাকে কোনো দায়িত্ব না দিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে যোগাযোগ করতে বলা হয়। গিয়াস উদ্দিন তখন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে যোগাযোগ করলে সেখান থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। এরপর গত শুক্রবার তিনি হাতে লেখা পত্রের মাধ্যমে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত