ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন রুড ফন নিস্টলরয়। তবে ভাগ্য তাকে নতুন চ্যালেঞ্জের পথে নিয়ে গেছে। সাবেক এই ডাচ ফরোয়ার্ড এখন ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির প্রধান কোচ। যে ক্লাবে খেলে থাকেন বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। যাকে লাল-সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। তিনি এবার খেলবেন এই ডাচ কোচের অধীনে।
শুক্রবার এক বিবৃতিতে লেস্টার সিটি জানায়, ফন নিস্টলরয়ের সঙ্গে তারা ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি করেছে। রবিবার কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করার মাত্র কয়েকদিনের মধ্যেই ক্লাবটি এই নিয়োগ নিশ্চিত করে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখান ফন নিস্টলরয়। তার অধীনে ইউনাইটেড চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পায় এবং একটিতে ড্র করে। তবে নতুন কোচ রুবেন আমুরিম দায়িত্ব নেওয়ার পর নিস্টলরয়ের ইউনাইটেড অধ্যায় শেষ হয়। ইউনাইটেড ছাড়ার পর দ্রুতই প্রিমিয়ার লিগে নতুন ক্লাবে প্রধান কোচের দায়িত্ব পান তিনি।
নিস্টলরয় লেস্টারের দায়িত্ব নেওয়ার পর বলেন, ‘আমি গর্বিত এবং উচ্ছ্বসিত। লেস্টার সিটির সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ সুযোগ। ক্লাবের ঐতিহ্য, দারুণ সমর্থক, এবং তাদের রূপকথার শিরোপাজয়ী অধ্যায় আমাকে মুগ্ধ করেছে।’
২০১৫-১৬ মৌসুমে রূপকথার মতো শিরোপা জেতা লেস্টার সিটির সাম্প্রতিক সময়টা খুবই কঠিন। ২০২৩ সালে অবনমনের পর এবার আবার শীর্ষ লিগে ফিরলেও, ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের ১৬ নম্বরে। দলের এই ব্যর্থতার কারণেই মাত্র ১৫৭ দিনের মধ্যে বিদায় করতে হয় কোচ স্টিভ কুপারকে।
কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া ফন নিস্টলরয়ের জন্য চ্যালেঞ্জটি সহজ নয়। লেস্টারকে অবনমন অঞ্চল থেকে সরিয়ে এনে লিগে স্থায়ীভাবে জায়গা করে দেওয়ার দায়িত্ব এখন তার।
লেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে ফন নিস্টলরয়ের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞতা সীমিত। ২০২২-২৩ মৌসুমে পিএসভি আইন্দহোভেনের দায়িত্বে ছিলেন তিনি, যেখানে তার অধীনে দলটি ডাচ কাপ জেতে। এর বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ হিসেবে তার অভিজ্ঞতা ইতিবাচক হলেও প্রধান কোচ হিসেবে এটি তার দ্বিতীয় চ্যালেঞ্জ।
ডাচ কিংবদন্তির কোচিংয়ে লেস্টার সিটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা, তা সময়ই বলে দেবে। তবে নতুন কোচ এবং ক্লাব, দুই পক্ষেরই নতুন শুরু হবে এই অধ্যায়ে।
লন্ডনে আর্সেনালের গোলবন্যা
ক্রাইস্টচার্চে ইংলিশদের দাপুটে জয়
পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্লুইভার্ট