বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা ও আওয়ামী লীগের শাসনামলে গুমের মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টার ও র্যাব-২-এর সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুজনকে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারে নেতৃত্বে গঠিত তিন বিচারপতির ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদালত। গুমের অভিযোগে এই প্রথম কোনো আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হলো।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ‘ফারুকী ও আলেপ উদ্দিন অর্ধশতাধিক গুমের অভিযোগে অভিযুক্ত। এর মধ্যে আলেপ উদ্দিন ছিলেন গুমের মাস্টারমাইন্ড। দুজনের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ দাখিল করে আদালতের কাছে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।’ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে ২ ডিসেম্বর (গতকাল) হাজির করতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
