স্বাস্থ্যের ডিজি বললেন

ডেঙ্গুতে মৃত্যু বেশি হাসপাতালে দেরিতে যাওয়ায়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

দেশে চলতি বছর দেরি করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার কারণেই ডেঙ্গুতে মৃত্যু বেশি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে এ সময়ে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও রোগটিকে গুরুত্ব না দেওয়ায় তুলনামূলক মৃত্যুর সংখ্যা বাড়ছে। গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গুবিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘আমরা মৃত্যুর কারণ জানার জন্য ডেথ রিভিউ শুরু করছি। আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বেশি। রোগীরা একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে আসছে। তখন সঠিকভাবে চিকিৎসা দেওয়াও সম্ভব হয়ে উঠে না।’

ঢাকায় বেশি মৃত্যু কর্মক্ষম মানুষের : স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, ঢাকা সিটিতে ২০-৪০ বছর বয়সীরা বেশি মারা যাচ্ছেন, যাদের বেশিরভাগই কর্মক্ষম ব্যক্তি। তবে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধদের মৃত্যুহার তুলনামূলক বেশি। এর কারণ হলো ডেঙ্গু হলে মানুষ গুরুত্ব কম দিচ্ছে, তাই মৃত্যুটা বাড়ছে।

চিকনগুনিয়ায় ৬৭ ও জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত : দেশে চলতি বছর চিকনগুনিয়ায় ৬৭ ও জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের ডিজি বলেন, এডিস মশার মাধ্যমেই ছড়ায় চিকনগুনিয়া ও জিকা ভাইরাস। এ রোগ দুটি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ নেই। জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশের ক্ষেত্রেই কোনো লক্ষণ দেখা দেয় না। এ রোগে মৃত্যুর হার শূন্য। তবে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত