লক্ষ্য ২৭৫ রানের মধ্য রাখতে চায় উইন্ডিজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। নাহিদ রানার বোলিং তোপে উইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে। রানা নেন ৬১ রানে ৫ উইকেট। তাতে ১৮ রানের লিড পায় বাংলাদেশ। তারপর দিন শেষ করেছে ৫ উইকেটে ১৯৩ রানে।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২১১ রান। চতুর্থ দিনে বাংলাদেশের চাওয়া যতটা সম্ভব লিড বাড়িয়ে নেওয়া।

এদিকে উইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস জানিয়েছেন, লক্ষ্য ২৭৫ রানের মধ্যেই রাখতে চান তারা। অবশ্য ম্যাচ জিততে হলে স্যাবাইনা পার্কে রান তাড়ার রেকর্ড গড়তে হবে ইন্ডিজকে। এই মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয়ের ইতিহাস নেই।

চতুর্থ ইনিংসে এই মাঠে সর্বোচ্চ ৪০৮ রান করার রেকর্ডটা সেই ১৯৩০ সালে। তবে সেই ম্যাচটি ড্র হয়েছিল।

গ্রিভসের বিশ্বাস, শেষ ইনিংসে দারুণ ব্যাট করে তারা পুষিয়ে দিতে পারবেন। 'সত্যি বলতে, আমি মনে করি, ম্যাচ এখনও ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। অবশ্যই আমরা প্রথম ইনিংসে ব্যাটিং ভালো করিনি। তার পরও মনে করি, ম্যাচে ভারসাম্য আছে এখনও।'

গ্রিভসের মনে হয়েছে দল প্রথম ইনিংসে কিছু বাজে শটে আউট হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভালো করার আশা সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা গ্রিভসের। '(উইকেটে) চ্যালেঞ্জ খুব বেশি আছে বলে মনে হয় না। আমাদের আউটগুলোর দিকে যদি তাকান, বেশ কয়েকটি আউটকে 'আলগা' বলতে পারি। আমি মোটামুটি নিশ্চিত, দ্বিতীয় ইনিংসে আমরা অনেক ভালো ব্যাট করব।'

উইকেট এখনও ভালো আছে বলে জয়ের আশা করছেন গ্রিভস। 'ওরা যত রানই করুক, সেটিকে খুব বেশি মনে করা যাবে না আমাদের। অবশ্যই আমাদের চাওয়া থাকবে ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যেই রাখতে (লক্ষ্য)। এটা বেশ ভালো ব্যাটিং উইকেট। আমাদের ব্যাটসম্যানরা যদি থিতু হতে পারে, ২৫০ থেকে ২৭৫ হতে পারে ভালো একটি স্কোর (রান তাড়ার জন্য)।'

অসুস্থতার কারণে তৃতীয় দিনে ব্যাট করতে না পারা মুমিনুল হক। আজ চতুর্থ দিনে ব্যাটিং শুরু করবেন জাকের আলী ও তাইজুল ইসলাম। বাংলাদেশ শেষ পর্যন্ত কত রানের লক্ষ্য দিতে পারে উইন্ডিজকে সেটি দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত