চট্টগ্রাম নগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

অবশেষে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি। সোমবার নগরীর একটি হোটেলে মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে অতি দ্রুত এসব কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সবগুলো থানা ও ওয়ার্ড কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। আমরা তৃণমূলে নতুন ও ত্যাগী নেতৃত্ব চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আগামী ৯০ দিনের মধ্যেই আমরা নতুন কমিটি গঠনের চেষ্টা করবো। আর কোনো প্রক্রিয়ায় কমিটি গঠন করা হবে সেটাও আমরা বসে ঠিক করবো।

দলীয় সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই সকল থানা ও ওয়ার্ড কমিটি এক সপ্তাহের মধ্যে ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়।

মহানগর বিএনপি সূত্র জানায়, ২০১৬ সালের ৬ আগস্ট ডা.শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বে গঠন করা হয়েছিল চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি। পরবর্তীতে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তীতে দুই দফা নগর বিএনপির আহ্বায়ক কমিটি পরিবর্তন হলেও থানা ও ওয়ার্ড কমিটিগুলোতে কোনো পরিবর্তন আসেনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত