আ.লীগ আমলের রাজনৈতিক মামলার তালিকা চেয়ে চিঠি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ এএম

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে আইন ও বিচার মন্ত্রণালয়। সারা দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের উদ্দেশে এ চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা প্রস্তুত করে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা ইমেইল ঠিকানায় তা পাঠানোর অনুরোধ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং তৎপরবর্তীতে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা নামে পরিচিত) করা হয়। এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না বিধায় চিঠিতে উল্লিখিত ছক অনুসারে উক্ত মামলাগুলোর তথ্যাদি জরুরি ভিত্তিতে পাওয়া একান্ত আবশ্যক।

এমতাবস্থায়, চিঠিতে উল্লিখিত ছক অনুসারে সব জেলায়/মহানগরে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সলিসিটর, সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা বরাবর অথবা ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত