নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে অর্থ না দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলতে থাকা ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনবে হাইকোর্ট। আজ বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই রিটটি করেন।
রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।
