চা উৎপাদনের জন্য সারা বিশ্বে পরিচিত বাংলাদেশের সিলেট জেলা। চায়ের শহরে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের আগে ট্রফি উন্মোচনে চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চা বাগানের শ্রমিকের পোশাক গায়ে জড়িয়ে ট্রফি হাতে পোজ দিলেন দুই দলের অধিনায়ক। সিলেটের চা শিল্পের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরতেই বিসিবির এই বিশেষ উদ্যোগ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন...কল্পনার বাইরে আমার কাছে।’
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ তে জেতার ধারাবাহিকতা ধরে রেখে এবার টি-টোয়েন্টি সিরিজেও ভালো করার আশা বাংলাদেশ অধিনায়কের। ‘অবশ্যই সিরিজ জেতার চিন্তা থাকবে। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১১ দেখায় বাংলাদেশের জয় ৮টি, বাকি ৩টি আয়ারল্যান্ডের।
