সৈয়দপুর বিমানবন্দর 

ঘন কুয়াশায় নামতে পারেনি ২ ফ্লাইট, শিডিউল বিপর্যয়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পিএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট বাতিলের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনও বিমান অবতরণ করেনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ও এয়ার অ্যাস্টার দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বর্তমানে ১২০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। 

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া আরও বলেন, কুয়াশার কারণেই মূলত ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। কুয়াশা কেটে যাওয়ার পর ভিজিবিলিটি বাড়লে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত