গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল-অ্যামনেস্টি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ এএম

টানা প্রায় ১৪ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব জুড়ে বাড়ছে ক্ষোভ। এবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য ইসরায়েল রাষ্ট্রকে অভিযুক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, তারা কয়েক মাস ধরে ঘটনা পর্যবেক্ষণ এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন। নাৎসি হলোকাস্টে ইহুদিদের গণহত্যার পরিপ্রেক্ষিতে প্রণীত ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে বলা হয়েছে-জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড গণহত্যা হিসাবে সংজ্ঞায়িত হবে।

নেদারল্যান্ডসের হেগে প্রতিবেদনটি উপস্থাপন করে সংস্থাটির প্রধান অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় গণহত্যা বিষয়ে তাদের নেওয়া সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে নেওয়া হয়নি। তিনি বলেন, গাজায় যে একটি গণহত্যা সংঘটিত হচ্ছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। অ্যামনেস্টি আরও বলেছে, ইসরায়েল এবং ইসরায়েলি সামরিক বাহিনী ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ পাঁচটি কাজের মধ্যে অন্তত তিনটি করেছে। এদিকে, মিসরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছে নতুন যুদ্ধবিরতি চুক্তির খসড়া পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। চুক্তিতে ১০০ জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, মধ্যস্থতাকারী হিসেবে মূল দায়িত্ব পালন করছে মিসর ও কাতার। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, মধ্যস্থতার ভূমিকায় ফিরে আসতে রাজি হয়েছে দোহা। নতুন প্রস্তাবে ৪২ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময়ে হামাস ৫০ বছরের বেশি বয়সী পুরুষ ও সব নারী জিম্মিদের মুক্তি দেবে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক পটপরিবর্তনের ফায়দা নিয়ে নিজেদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে চুক্তি উপস্থাপন করছে ইসরায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত