খুলনা

প্রাইভেটকারে এসে শ্রমিককে গুলি, একজনকে গণপিটুনি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মাছ কোম্পানির শ্রমিক মানিক (২৫) আহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে উপজেলার মডার্ন সি ফুডের সামনে এ ঘটনা ঘটে। তিনি বাগমারা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রমিক ইমরান মানিক মডার্ন সি ফুডের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল ওই দোকানের সামনে আসে। প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা ইমরান মানিককে লক্ষ্য করে একটি গুলি ছুড়লে তার পায়ে লাগে।

এ সময় স্থানীয়রা প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ধাওয়া দেয়। প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। এছাড়া স্থানীয়রা আহত‌কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাসেল নামে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত