কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহতের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা ও পুলিশ।
আয়ুব উদ্দিন উপজেলার কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্কুল পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করে।
নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদর ছেলে মো. ওয়াহিদ মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়। ওখানে থাকা চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনির এর নেতৃত্বে ৪-৫ জন যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে।
আনোয়ার হোসেন বলেন, আমার ছেলে ক্ষেত খামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেনি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।
যুবলীগ নেতা হয়েই কেয়ারটেকার থেকে ‘বাড়ির মালিক’, অভ্যুত্থানের পর উধাও
মংডুতে মুহুর্মুহু বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ সীমান্ত