বাংলাদেশের পথের কাঁটা এখন ১৩ বছর বয়সী বৈভব

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। 

মাত্র ১৩ বছর বয়সে আইপিএল দল পাওয়া বৈভব এর মধ্যেই ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে। গত এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যদিও চলমান যুব এশিয়া কাপে রান সংখ্যা তাকে শীর্ষে রাখেনি, ৪ ম্যাচে করেছেন ১৬৭ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাকে সপ্তম স্থানে রেখেছে। তবে বৈভবের আসল শক্তি তার বিধ্বংসী ব্যাটিং স্ট্রাইক রেট। 

বৈভব সূর্যবংশীর স্ট্রাইক রেট এখন পর্যন্ত ১৪৬, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ৩৬ বলে ৬৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। ম্যাচের দ্বিতীয় ওভারেই ২২ রান তুলে শ্রীলঙ্কার বোলারদের চাপে ফেলেন বৈভব। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংসে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। 

ভারতের আরেক ওপেনার আয়ুশও ফর্মে আছেন। টুর্নামেন্টে ১৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ফলে শিরোপার লড়াইয়ে বাংলাদেশি বোলারদের জন্য এই দুই ওপেনারকে দ্রুত ফেরানোই হবে প্রধান চ্যালেঞ্জ। 

বাংলাদেশ দলের পেস আক্রমণে আছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন, যারা এই টুর্নামেন্টে ১০টি করে উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। ব্যাট হাতে দলের অধিনায়ক আজিজুল হাকিম দুর্দান্ত ছন্দে রয়েছেন। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে অপরাজিত ফিফটি করেন তিনি। 

সেমিফাইনালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৯ বলে ফিফটি ছোঁয়ার পর শেষ পর্যন্ত ৪২ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন আজিজুল। টুর্নামেন্টে তার মোট রান ২২৪, গড় ১১২। তবে স্ট্রাইক রেট ৮৪.৫২, যা ওয়ানডে ক্রিকেটে মানানসই হলেও ভারতের দুই ওপেনারের তুলনায় অনেকটাই পিছিয়ে। 

৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের সংখ্যা সর্বোচ্চ ৮টি। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে। এবার কি বাংলাদেশের শিরোপার সংখ্যা বাড়ানোর পালা? সেটাই দেখার অপেক্ষা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত