বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতে প্রায় ৫২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে এবং দেশের মানুষের মাথাপিছু ভর্তুকির এ হার প্রায় ৩০০০ টাকা।
গতকাল শনিবার ঢাকা চেম্বার আয়োজিত ‘জ্বালানির সহনীয় মূল্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান আরও জানান, গ্রাহকরা প্রতি ইউনিটের বিদ্যুতের গড় মূল্য ৮.৫৫ টাকা প্রদান করলেও সরকার ১২-২৫ টায় কিনে থাকে।
শিল্প খাতে সরকারের ভর্তুকির তথ্য উল্লেখ করে তিনি বলেন, এলএনজি আমদানিতে ৭০ টাকা খরচ পড়লেও, শিল্প খাতে ৩০ টাকা হারে সরবরাহ করা হচ্ছে এবং মূল্যের এ পার্থক্যটা সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।
জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতে প্রতিযোগিতার অনুপস্থিতি এবং গুটিকয়েক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যের কারণে আমাদের অধিক মূল্যে জ্বালানি ক্রয় করতে হচ্ছে। আমাদের ৪ হাজার এমএমসিএফটি গ্রাসের প্রয়োজন, যদিও আমাদের রয়েছে ৩ হাজারের কম এবং ঘাটতি মেটাতে নিজের গ্যাস উত্তোলন কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভোলায় প্রায় ৭০ সিএমএফএফটি গ্যাস মজুদ রয়েছে, যা উত্তোলনে উন্মুক্ত দরপত্র আহ্বান জানানো হবে। এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াও কোনো দরপত্র আহ্বান করা হবে না উল্লেখ করে তিনি বলেন, তেল আমদানি উন্মুক্ত দরপত্রের কারণে পূর্বের চেয়ে ৩৫ শতাংশ হ্রাসকৃত মূল্য পাওয়া গেছে, এর ফলে সাশ্রয় হবে ৩৭০ কোটি টাকা।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির জন্য ১৫ বছরের কর অব্যাহতির সুযোগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ খাতে অর্থায়নের জন্য বন্ধকি ঋণের পরিবর্তে সম্পদ ভিত্তিক ঋণ ব্যবস্থা প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ার জন্য ব্যাংকের প্রতি আহ্বান জানান যার মাধ্যমে ঋণ প্রক্রিয়া আরও নিরাপদ হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ বলেন, বিগত ৫০ বছরে আমাদের অর্থনীতি কৃষি নির্ভর থেকে শিল্প ও সেবা খাত নির্ভর হয়ে উঠেছে, তাই এখন জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ও সহনীয় মূল্য নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, বিগত দুই দশকে আমাদের জ্বালানির ব্যবহার প্রায় ৪ গুণ বেড়ে ৪৫ মিলিয়ন টন অপ অয়েল ইকুইভ্যালেন্ট (টিওই)-এ পৌঁছে গেছে। শিল্প খাতে জ্বালানির চাহিদা মেটাতে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির কোনো বিকল্প নেই।
তিনি উল্লেখ করেন, আমাদের কিছু বিদ্যুৎ কেন্দ্র বেশ পুরনো এবং ২০৩০ সাল নাগাদ এগুলোর উৎপাদন সক্ষমতা হ্রাস পাবে, বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনিজসম্পদ ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. মোহাম্মদ তামিম। তিনি বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবহারিক হবে না, বরং এ ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কর্মপরিকল্পনা অধিক কার্যকর হবে। বাংলাদেশকে জ্বালানি আমদানি করতে হবে, তবে অদূর ভবিষ্যতে দেশকে জ্বালানি স্বনির্ভর করা ও জ্বালানির মূল্য হ্রাসে নিজেদের গ্যাস অনুসন্ধানের ওপর জোর দেন।
তামিম আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনের জন্য আমাদের গৃহস্থালির ছাদ ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে ২০২০-২১ অর্থবছরের পর টাকা অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান জ্বালানি আমদানি এবং আন্তর্জাতিক জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেড়েছে।
অনুষ্ঠানের নির্ধারিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক ড. বদরুল ইমাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. ইজাজ হোসেন, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউএ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল আক্তার, আইএফডিএল বাংলাদেশের পার্টনার ব্যারিস্টার শাহওয়ার জামাল নিজাম এবং বিএসআরএম-এর হেড অব করপোরেট এ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, প্রাকৃতিক গ্যাসের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও অনুসন্ধান কার্যক্রম অনীহার কারণেই আজকের এ অবস্থা সৃষ্টি হয়েছে, তা ছাড়াও গ্যাস আমদানির প্রতি আমাদের অধিক হারে আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
ড. ইজাজ হোসেন বলেন, জ্বালানির মূল্য যেন বেশি মাত্রায় বৃদ্ধি করা না হয়, সে লক্ষে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আলাপচারিতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় বাজারে ডলার মূল্যের অস্থিতিশীলতার কারণে আমাদের জ্বালানি আমদানি আরও বেশি হারে ব্যয় বহুল হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনীতিতে, তাই নিজেদের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে তিনি মতপ্রকাশ করেন। তিনি জানান, আমাদের ১ শতাংশ কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ হাজার মেগাওয়াট উৎপাদন সম্ভব, তাই অব্যবহৃত কৃষি জমি ব্যবহারের সবাইকে উদ্যোগী হওয়ার ওপর আহ্বান জানান।
