তারেক রহমান বললেন

সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই স্বৈরাচারের বিদায়

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি। সব দল কাজ করেছে, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে। গতকাল শনিবার বিকেলে ফরিদপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা-সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি।

তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে সেভাবেই দেশ পরিচালনা করবে। বর্তমানে বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে, তবে আমাদের পক্ষে রাখতে হলে এই ৩১ দফা সবার সামনে তুলে ধরতে হবে। কিছু মানুষ ভাবছে যে, আমরা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমি এখনো জানি না আমরা ক্ষমতায় যাব কি না। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারব। আর এজন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে।’

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দলের কেউ যদি ভুল করে, তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।’

তারেক রহমান বলেন, ‘বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে। এজন্যই দুই বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় নয় যে, গত কিছুদিন আগে থেকে আমরা এটা বলছি। বিএনপি এটা অনেক আগে থেকেই বলে আসছে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার কথা। বিএনপি জনগণের দল, যে কারণে ৩১ দফার বিষয়ে আলোচনা করে আসছে, যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের কাছে এই ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং সেগুলোর পক্ষে সাধারণ মানুষের সমর্থন আদায় করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা দেশে একটি জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা। জবাবদিহি থাকতে হবে একদম ইউনিয়নের একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী-প্রধানমন্ত্রী পর্যন্ত। সবাইকে জবাবদিহির ভেতর নিয়ে আসতে হবে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহির পরিবেশ তৈরি করতে হবে। দেশের অধিকার প্রতিষ্ঠাতা করতে হলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আর এজন্যই আমরা ৩১ দফার কথা বলছি।’

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, উপদেষ্টা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, তারেক জিয়ার উপদেষ্টা ড. মাহাদী আমীন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত