ঢাবির সিন্ডিকেট থেকে বাদ যাচ্ছেন আওয়ামীপন্থী ৫ শিক্ষক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট বডিতে আসছে পরিবর্তন। সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পাবেন না বর্তমান বডির ৫ জন সদস্য। তারা সবাই আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে নির্বাচিত।

রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রক্টর সাইফুদ্দিন আহমদ। ১৮ জন সিন্ডিকেট সদস্যের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা আর সে সকল ক্যাটাগরির প্রতিনিধিত্ব করেন না বলে পরবর্তী মিটিং থেকে তারা আর আমন্ত্রণ পাবেন না।

বাদ পড়া ৫ সিন্ডিকেট সদস্য হলেন সহকারী অধ্যাপক ক্যাটাগরি থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ক্যাটাগরি থেকে মিসেস মাহিন মুহিত, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি থেকে আবু মুহাম্মদ আহসান, ডিন ক্যাটাগরি থেকে আব্দুস ছামাদ ও প্রভোস্ট ক্যাটাগরি থেকে ড. মাসুদুর রহমান। তাদের মেয়াদ ইতিমধ্যে শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের দায়িত্বপালন করার কথা ছিল।

প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তারই প্রেক্ষিতে আমরা এটি বিজ্ঞ আইনজীবীদের বডি ল রিভিউ কমিটির কাছে পাঠাই। এই কমিটির সদস্য ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব নসরুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.নাইম আহমেদ, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ও অ্যাডভোকেট ড. ইমাম হোসেন, ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ ইকরামুল হক তারা আমাদের দুটি পরামর্শ দিয়েছে।

প্রথমত, ডিন এবং প্রভোস্ট ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকরা তাদের প্রতিনিধিত্বকারী পদ ডিন কিংবা প্রভোস্ট পদে যদি আর বহাল না থাকেন তাহলে তারা যে প্রতিনিধিত্বের কারণে নির্বাচিত হয়েছিলেন সেটি আর থাকছে না। ফলে তাদের পরবর্তী মিটিং থেকে আমন্ত্রণ না জানালেও আইনগত জটিলতায় পড়তে হবে না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

দ্বিতীয়ত, শিক্ষকদের প্রতিনিধিত্বকারী প্রভাষক সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক ও অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত যারা ছিলেন তাদের অনেকের পদোন্নতি হয়েছে তারাও আর তাদের প্রতিনিধিত্বের জায়গায় না থাকায় তাদেরও আমন্ত্রণ না জানানোতে কোনও জটিলতা থাকল না।

তিনি আরো বলেন, আইনগতভাবে জটিলতা নিরসন হওয়ার কারণে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছি- আমরা এই সিন্ডিকেট মেম্বারদের আগামী কোনও মিটিংয়ে আহ্বান বা আমন্ত্রণ জানাব না।

বাদ যাওয়া সদস্যদের কারণে যে সকল শূন্যতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যা শূন্যতা সৃষ্টি হয়েছে তা ছাড়াও সিন্ডিকেট চলতে পারবে। তবে নতুনরা আসবেন নির্বাচিত হয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত