দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব (চুক্তিভিত্তিক) ড. মোহাম্মদ আবদুল মোমেনকে। একই সঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন। তারা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেওয়া হয়। এর আগে গত অক্টোবরে দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সঙ্গে দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনও পদত্যাগ করেন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ খালি ছিল।
ড. এমএ মোমেন গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেন। একইদিন প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্র গৃহীত হলে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। সেখান থেকে অনুমোদনের পরই গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুযায়ী কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমমানের বেতন ও সুবিধাদি পাবেন। আর অন্য দুই কমিশনার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমমান বেতন ও সুবিধাদি পাবেন। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
