দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি ছিল। মৃতদের তিনজন নারী ও একজন পুরুষ। মৃতদের মধ্যে ৬-১০ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বুধবার ডেঙ্গুর এই তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৭৩ জন পুরুষ ও ১৭১ জন নারী। সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ৮৪ জন, ঢাকা দক্ষিণে ৭৮ ও চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭, বরিশাল বিভাগে ২৩, ময়মনসিংহ বিভাগে ১৩, রংপুর বিভাগে ৩ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসের গত ১১ দিনে ডেঙ্গুতে ৪৮ জন মারা গেল। এ সংখ্যা এ বছর মাসের হিসাবে চতুর্থ সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত সর্বোচ্চ মারা গেছে গত মাসে ১৭৩ জন, অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ ও সেপ্টেম্বরে তৃতীয় সর্বোচ্চ ৮৭ জন। এ ছাড়া আগস্টে ৩০ জনের, জানুয়ারিতে ১৬, জুলাইতে ১৪, মেতে ১২, জুনে ৮, মার্চে ৬, ফেব্রুয়ারিতে ৫ ও এপ্রিলে ২ জনের মৃত্যু হয়েছে।
