বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারীদের টেস্ট ক্রিকেটে অভিষেক ত্বরান্বিত করতে রাজশাহীতে আগামী ২১ ডিসেম্বর থেকে প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে। উইমেনস বাংলাদেশ ক্রিকেট লিগ-এ অংশ নেবে চারটি দল—দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল। প্রতিযোগিতায় তারা একে অপরের মুখোমুখি হবে চার রাউন্ডের তিন দিনের ম্যাচে।
প্রথম রাউন্ডে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল, আর মধ্যাঞ্চল লড়বে উত্তরাঞ্চলের বিপক্ষে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীর দুটি ভেন্যুতে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬-২৮ ডিসেম্বর, যেখানে দক্ষিণাঞ্চল খেলবে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল লড়বে পূর্বাঞ্চলের বিপক্ষে। বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে আসার পর বাকি দুই রাউন্ডের খেলা শেষ করা হবে।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ নারী দলকেও টেস্ট স্ট্যাটাস দেয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশের নারীরা টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেনি, কারণ তাদের খেলা এখনো সীমাবদ্ধ রয়েছে সাদা বলের ক্রিকেটে।
বিসিবির নারীদের উইংয়ের প্রধান হাবিবুল বাশার বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ক্রিকবাজ-কে জানান, টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করতে তারা নারীদের তিন দিনের এই প্রতিযোগিতা আয়োজন করছেন। তিনি বলেন, ‘আমরা যদি টেস্ট খেলতে চাই, তাহলে আমাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। তাই এটিকে বলা যায় সেই লক্ষ্যে আমাদের প্রথম পদক্ষেপ।’
২০২৩ সালে প্রথমবারের মতো উইমেনস বাংলাদেশ ক্রিকেট লিগ দুই দিনের ম্যাচ ফরম্যাটে আয়োজন করা হয়েছিল। তবে এবার তিন দিনের ম্যাচের মাধ্যমে বিসিবি নারী দলের সামর্থ্য দেখতে আগ্রহী।
হাবিবুল বাশার আরও বলেন, ‘আমাদের মেয়েদের আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ ফরম্যাটে খেলার জন্য তিন দিনের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি তারা এই ফরম্যাটে উন্নতি করে যেতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা টেস্ট ক্রিকেটেও প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবো। তবে এর জন্য প্রস্তুতি দরকার এবং এই উইমেনস বাংলাদেশ ক্রিকেট লিগ আমাদের সেই প্রস্তুতিতে সাহায্য করবে।’
উইমেনস বাংলাদেশ ক্রিকেট লিগ নারীদের টেস্ট ক্রিকেটের পথে প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিসিবি আশা করছে, এই প্রতিযোগিতা বাংলাদেশের নারী ক্রিকেটারদের দীর্ঘ ফরম্যাটে পারফর্ম করার উপযোগী করে তুলবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে অংশ নিতে সক্ষম করবে।
ম্যাচের সূচি:
২১-২৩ ডিসেম্বর, ২০২৪:
দক্ষিণাঞ্চল বনাম পূর্বাঞ্চল – বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড, রাজশাহী।
মধ্যাঞ্চল বনাম উত্তরাঞ্চলাঞ্চল – শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
২৬-২৮ ডিসেম্বর, ২০২৪:
দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চল – বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড, রাজশাহী।
মধ্যাঞ্চল বনাম পূর্বাঞ্চল – শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
সোহানের বুলস আই থ্রোতে রানআউটের হ্যাটট্রিক
নিয়ম ভেঙে সৌদি আরবকে বিশ্বকাপের আয়োজক করেছে ফিফা