বুদ্ধিজীবী ও বিজয় দিবসে চার দিনের কর্মসূচি বিএনপির

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ এএম

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর দুপুর ২টা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর ভোরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ এবং সেখান থেকে শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’-এর উদ্যোগে সর্বজনীন কনসার্ট।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে আজকে (গতকাল) দলের যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।’

সারা দেশে দল ও অঙ্গসংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের কর্মসূচি উদযাপন করবে বলে জানান রিজভী। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, ডা. জাহিদুল কবির, কৃষক দলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মোস্তাফিজুল করীম মজুমদার, মঞ্জুরুল ইসলাম মনজু, তাঁতী দলের মজিবুর রহমান, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত