লিগে নিষিদ্ধ হতে পারে ম্যানসিটি, অনিশ্চয়তায় ফুটবলাররা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের শুনানি গত সপ্তাহে শেষ হয়েছে, যার রায় আসতে পারে আগামী বছরের শুরুর দিকে। তবে এই সময়ের মধ্যে ক্লাবের ভেতর ও বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে পেপ গার্দিওলার অধীনে এটি ম্যানসিটির সবচেয়ে খারাপ সময় হিসেবে চিহ্নিত হচ্ছে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে হার তাদের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় এবং সাতটি পরাজয়ের পর ক্লাবটি এখন লিগের অন্যতম কঠিন পরিস্থিতির মুখোমুখি। 

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ক্লাবের এই খারাপ ফর্ম এবং আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী প্রমাণিত হলে সম্ভাব্য শাস্তি নিয়ে খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাবেক চেলসি তারকা জো কোল বলেছেন, ‘খেলোয়াড়রা মানুষ এবং তারা এই পরিস্থিতি নিয়ে চিন্তিত। তারা তাদের এজেন্টদের সঙ্গে কথা বলছে এবং বিভিন্ন গুঞ্জন শুনছে।’

কোল আরও যোগ করেন, ‘আমরা আর্থিক বিষয়গুলো নিয়ে নিশ্চিত কিছু জানি না। তবে খেলোয়াড়রা এই পরিস্থিতি নিয়ে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে।’

১১৫ অভিযোগের শুনানির ফলাফলের ওপর নির্ভর করছে ম্যানসিটির ভবিষ্যৎ। দোষী প্রমাণিত হলে ক্লাবটির পয়েন্ট কাটা হবে। আর্থিক জরিমানা, এমনকি লিগ থেকে বহিষ্কারের মতো কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে। 

এই অবস্থায় ম্যানসিটি তাদের নিকটতম চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বি ম্যাচের আগে ভীষণ চাপের মধ্যে রয়েছে। ক্লাবটি টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতলেও এই মৌসুমে সেই দাপট ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 

সম্প্রতি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর ম্যানসিটির ভক্তদের স্টেডিয়াম থেকে বের হতে বাধা দেওয়া হয়। ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, দর্শকদের লাউডস্পিকারের মাধ্যমে স্টেডিয়ামে অপেক্ষা করতে বলা হয় যতক্ষণ না তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

ম্যানসিটির সামনে এখন শুধু মাঠে নয়, মাঠের বাইরেও কঠিন সময়। ক্লাবটি এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত