২০২৩ ফেডারেশন কাপ ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান দারুণ খেলেছিল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেই ম্যাচের স্মৃতি এখনো অনেক সমর্থকের মনে জায়গা করে আছে। ৪-৪ গোলে অমীমাংসিত লড়াইটা শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতেছিল মোহামেডান। আজ কুমিল্লার মাঠেই আবারও খেলতে নামছে দুদল। এবার প্রিমিয়ার লিগে তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে তারা। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস মুখোমুখি হবে রহমতগঞ্জের।
এবারের ম্যাচের আগে দুই দলের লড়াই ঘিরে তেমন উত্তেজনা নেই। লিগের মাত্র দুই রাউন্ড শেষ হয়েছে। আবাহনী ও মোহামেডান দুই দলই জিতেছে লিগের সেই দুই ম্যাচ। আজ যারা জিতবে পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে। তবে এবার মাঠে নামার আগে মোহামেডানের চেয়ে আবাহনী একটা দিক দিয়ে এগিয়ে। মৌসুমে মোহামেডান বিদেশিসহ পূর্ণশক্তির দল নিয়ে খেললেও আবাহনী খেলছে কোনো বিদেশি ছাড়াই! তবু মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড আছে আকাশি-নীল জার্সিধারীদের। আবাহনীর সামনে জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ। দলটির জাতীয় দলের গোলকিপার মিতুল মারমা বলেন, ‘বিদেশি ছাড়া খেলা সবসময় কঠিন। সত্যি বলতে, আমরা অনেকটা পিছিয়ে থাকব, তবে মাঠের খেলায় চেষ্টার কোনো কমতি রাখব না। আমরা যে ছন্দে আছি সেটা ধরে রাখতে চাই। আশা করছি ভালো লড়াই হবে।’
লিগে আগের রাউন্ডেই মোহামেডান হারিয়েছে বসুন্ধরা কিংসকে। লিগ ও ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল মোহামেডানের। তবে সবশেষ ম্যাচে ফেডারেশন কাপে মোহামেডান হেরেছে রহমতগঞ্জের কাছে। তবে আবাহনীর বিপক্ষে জয়ের বিষয়ে আশাবাদী আলফাজ আহমেদ, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব। জেতার জন্য সবাই আত্মবিশ্বাসী।’
কিংসেরও ম্যাচ আছে আজ। প্রতিপক্ষ রহমতগঞ্জ, যারা মোহামেডানকে হারিয়েছে আগের ম্যাচে। আবার লিগ মোহামেডানের কাছে দ্বিতীয় রাউন্ডে হেরেছিল কিংস। আজকের ম্যাচ তাই তাদের জয়ে ফেরার লড়াই। শক্তির বিচারে রহমতগঞ্জের চেয়ে এগিয়ে কিংস। তবে রহমতগঞ্জ আছে ফর্মে। লিগেও প্রথম দুই ম্যাচে জিতেছে পুরান ঢাকার দলটি।
