সুখী দাম্পত্যের রহস্য জানালেন টোটা রায়চৌধুরী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

কখনও তিনি ফেলুদা, কখনও আবার আইপিএস অফিসার। বছরের শেষে জোড়া ধামাকা দিতে চলেছেন টোটা রায়চৌধুরী। সিরিজ-সিনেমা দু'য়ে মিলে একেবারে জমজমাট বলা চলে। এমনিতে তিনি প্রচার বিমুখ সবসময়ই। কাজকেই তার অস্ত্র বলেও মনে করেন অভিনেতা। 

দুই দিন আগেই বিবাহের ২৫ বছর পার করলেন এই অভিনেতা। এদিন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে তুলে ধরলেন নিজের মনের কথা।

জীবনে বহু চড়াই-উতরাই এসেছে অভিনেতার জীবনে। তবে যে মানুষটা সবসময় তার পাশে থেকেছেন তিনি সহধর্মিনী স্ত্রী শর্মিলী। ভালো-মন্দ সব মুহূর্তেরই সাক্ষী তার স্ত্রী। যেভাবে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর কাটিয়েছেন তিনি, ঠিক সেভাবেই বৈবাহিক জীবনও তিনি হইহই করে কাটালেন ২৫টা বছর। 

তাই এমন বিশেষ দিনে অর্থাৎ রজত জয়ন্তীতে তিনি স্ত্রীকে সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী বলেই উল্লেখ করেছেন টোটা। 

স্ত্রীর সঙ্গে একটি ছবি সোশ্যালে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানা ঘাত-প্রতিঘাত, ঝড়-ঝাপ্টা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রেম অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই বাড়িটা ‘ঘর’ হয়ে উঠেছে ভালো‘বাসা’। ২৫তম বিবাহ বার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয়ছোঁয়া ভালোবাসা নিও।’

টোটার একমাত্র কন্যা দেশের বাইরে থাকেন। সেখানেই পড়াশোনা করে।

প্রসঙ্গত, বলিউড-টলিউড মিলিয়ে শেষ দু’বছরে বেশ কিছু জমজমাট কাজও করেছেন টোটা। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘চালচিত্র’। এটি পরিচালনা করেছেন প্রতীম ডি গুপ্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত