আদালতে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী

বেক্সিমকো গ্রুপের দায়ের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

বেক্সিমকো গ্রুপের ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৭৮টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। এ হিসাব চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের। রবিবার এক রিটের পরিপ্রেক্ষিতে রুলের শুনানিতে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান আদালতে এ তথ্য জানান। 

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আগামী ২২ জানুয়ারি শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান শুনানিতে ছিলেন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকো গ্রুপের ১৮৮টি কোম্পানির মধ্যে ৭৮টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০ হাজার ৫০০ কোটি টাকা দায়-দেনা আছে।

এর আগে গত ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বর্তমানে কারাবন্দি। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত